৬ দিনেও মেলেনি সমাধান, শূন্য রেখায় আটকে আছেন পুশইনের শিকার সেই নারী
সমাধান না হওয়ায় টানা ৬ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের শূন্য রেখায় (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের শিকার এক নারী। খোলা আকাশের নিচে তীব্র রোদ ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর সম্মিলিত বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়।পরবর্তী সময়ে বিএসএফ তাঁকে ফিরিয়ে না নেওয়ায় এবং বাংলাদেশে প্রবেশ করতে না পারায় ওই নারী সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। এরপর থেকে টানা ৬ দিন ধরে তিনি সেখানেই খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। মানবিক দিক বিবেচনায় স্থানীয় এলাকাবাসী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, গত মঙ্গলবার সকালে ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি তা কার্যকরভাবে প্রতিরোধ করে। বিষয়টি নিয়ে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত সীমান্তে বিজিবি সর্বোচ্চ তৎপর থাকবে বলে তিনি জানান।