এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অন্তত ১২টি গোডাউনে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউনগুলো পাশাপাশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন অন্য গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। সেখানে বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য দাহ্য মালামাল মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।[BANGVIEWS-POST:4559]খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হলে সারাবো ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।[BANGVIEWS-POST:4558]আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অন্তত ১২টি গোডাউন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে গোডাউনগুলোতে থাকা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।