ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই উপজেলার পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তিনি এ অনুদানের অর্থ তুলে দেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন এবং বিএনপিও দেখিয়েছে আমরা সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী।’পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি উল্লেখ করেন, একসময় একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়কে নিজেদের ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে বিবেচনা করত। তবে ভোটাররা সেই ধারণ ভেঙে দিয়ে প্রমাণ করেছেন যে তাঁরা কোনো দলের দাসত্ব করেন না।প্রতিমন্ত্রী আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে এবং সরকারিভাবে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ি উপহার দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো সরাসরি পরিদর্শনে যাবেন বলে তিনি নিশ্চিত করেন।বিরোধী দলের রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘১১ দলীয় জোট ধর্মীয় অনুভূতি ও বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে। সরকারের বয়স মাত্র ছয় মাস পেরোতেই বিরোধী দলের পক্ষ থেকে একদফা দাবির কথা তোলা চরম হাস্যকর।’ তিনি স্পষ্ট করেন, বর্তমান সরকার কোনো ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না; বরং জনগণের কার্যকর ভোটের মাধ্যমেই রাজনীতিতে থাকতে চায়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল বক্তব্য দেন।

‘বেহেশতের লোভ দেখিয়ে’ বিরোধীদল এখন দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী