ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে শিশু রয়েছে। কয়েক ঘণ্টার অনুসন্ধান শেষে সমুদ্রে ডুবে থাকা বিমানের ধ্বংসাবশেষ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরে এ দুর্ঘটনা ঘটে। বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এক বিবৃতিতে ছয় আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ২১০ মডেলের বিমান। স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে পাসকাগৌলা শহরের উপকূলবর্তী এলাকায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার কিছুক্ষণ পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য কোস্টগার্ডকে জানায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরপর দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।কোস্টগার্ড জানিয়েছে, মিসিসিপির হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে সমুদ্রের পানিতে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে উদ্ধারকারী দল ও ডুবুরিরা কয়েক ঘণ্টা তল্লাশি চালান।অভিযানের একপর্যায়ে বিমানের মূল কাঠামোর ভেতর থেকে ছয় আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল। এর গন্তব্য ছিল ফ্লোরিডার ফোর্ট মায়ার্স।উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির গতিপথ ও উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। কোস্টগার্ডের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট হারে নিচে নামছিল।তবে কী কারণে বিমানটি এত দ্রুত উচ্চতা হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, স্থানীয় উদ্ধারকারী সংস্থা ও ডুবুরি দল যৌথভাবে অনুসন্ধান অভিযান পরিচালনা করে। সমুদ্র থেকে বিমানের বিভিন্ন অংশ উদ্ধারের পাশাপাশি নিখোঁজ আরোহীদের খুঁজে বের করার চেষ্টা চলে।কোস্টগার্ডের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ক কমান্ডার ট্রেভর ব্লাউন্ট ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সংস্থার সমন্বিত প্রচেষ্টায় দ্রুত আরোহীদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।তদন্তে বিমানের যান্ত্রিক অবস্থা, আবহাওয়া, উড্ডয়নসংক্রান্ত তথ্য এবং দুর্ঘটনার আগে বিমানটির অস্বাভাবিক দ্রুত নিচে নামার কারণ খতিয়ে দেখা হতে পারে।তবে তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ।সূত্র : আনাদোলু এজেন্সি।

যুক্তরাষ্ট্রে সমুদ্রে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিহত ৬