ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিক্ষোভের মুখে দিল্লিতে ২৪ ঘণ্টার ইন্টারনেট বন্ধ, ৫৭ মেট্রো গেট বন্ধ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের কঠোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে শনিবার রাত ১০টা পর্যন্ত জনপথ ও কর্তব্য পথ সংযোগস্থলের চারপাশে চার কিলোমিটার ব্যাসার্ধে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।টেলিকমিউনিকেশন আইন ২০২৩ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, রিলায়েন্স জিও ও এমটিএনএলসহ সব প্রধান মোবাইল অপারেটরকে এ নির্দেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, গুরুদ্বার বাংলা সাহিব, বারাখাম্বা রোড, খান মার্কেট, লোধি রোড এবং জংপুরার একাংশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে। এর আগে গত জুলাইয়ে মেডিকেল প্রবেশিকা নিট (এনইইটি) প্রশ্নফাঁস নিয়ে সিজেপির আন্দোলনের সময়েও যন্তর মন্তরে দেড় কিলোমিটার এলাকায় ইন্টারনেট স্থগিত করা হয়েছিল; তবে এবার পরিধি বাড়িয়ে চার কিলোমিটারে রূপ দেওয়া হয়েছে।ইন্টারনেট শাটডাউনের পাশাপাশি রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। শুক্রবার রাত ৯টা থেকেই রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ ৫৭টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছানোর শিডিউল থাকা ৬০টির বেশি যাত্রীবাহী ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।একটি রাজনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী কার্যত অচল করার মতো পদক্ষেপ নিয়ে তীব্র অসন্তোষ ও প্রশ্ন তুলেছে ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পুলিশের অতিরিক্ত বিধিনিষেধের কড়া সমালোচনা করে পর্যবেক্ষণ দিয়েছে—‘একটি সাধারণ মাছি মারতে হাতুড়ি ব্যবহার করা যায় না।’ ইন্টারনেট সংযোগহীনতা, মেট্রো নিয়ন্ত্রণ এবং বিপুল ট্রেন বাতিলের ফলে দিল্লির সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।সূত্র: এনডিটিভি 

বিক্ষোভের মুখে দিল্লিতে ২৪ ঘণ্টার ইন্টারনেট বন্ধ, ৫৭ মেট্রো গেট বন্ধ