ধ্রুব রাঠিকে দিল্লি আদালতের সমন জারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানি মামলায় নতুন করে সমন জারি করেছে দিল্লির সাকেত আদালত।‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে একটি ভিডিওকে কেন্দ্র করে করা মামলাটিতে মামলাকারী বিকাশ সঙ্কৃত্যায়ন, যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত, রাঠির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন।গত ১২ অক্টোবর বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন নতুন সমন জারির নির্দেশ দেন। রাঠি বর্তমানে ভারতে অবস্থান করায় গুরগাঁওয়ে তার বাসভবনে সমন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আদালতে মামলাকারীর পক্ষ থেকে বলা হয়, রাঠি সাধারণত বিদেশে থাকেন। ফলে আগের সমনগুলো দীর্ঘদিন ধরে কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি ভারতে থাকায় দ্রুত সমন পৌঁছে দেওয়ার জন্য নতুন করে আবেদন করা হয়। আদালতের নথি অনুযায়ী, রাঠিকে এর আগে ২০১৯ সালেও সমন করা হয়েছিল। মামলার সূত্রপাত ২০১৮ সালে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে। ওই ভিডিওতে বিজেপির আইটি সেলের সঙ্গে বিকাশ পান্ডের সম্পৃক্ততা এবং তাকে ৫০ লাখ রুপি দেওয়ার প্রস্তাবের মতো অভিযোগ তোলা হয়েছিল। পান্ডের দাবি, এসব বক্তব্য তার সুনাম ক্ষুণ্ন করেছে। মামলাটি শুধু রাঠিকে ঘিরে নয়। ওই সময় রাঠির প্রকাশিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে পুনঃপ্রকাশ করেছিলেন তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ কারণে তার বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। এদিকে রাঠি বর্তমানে ভারতের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে চলমান প্রতিবাদ কর্মসূচিতেও সক্রিয় রয়েছেন। ১০ অক্টোবর গুরগাঁওয়ের বাসা থেকে তাকে পুলিশ আটক করেছিল। তিনি দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। আটকের পর রাঠি দাবি করেন, তাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছিল, অনুমতি না থাকা একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ঠেকাতে নিরাপত্তাজনিত কারণে তাকে আটক করা হয়েছিল। এই বিষয়টি আলাদা একটি বিতর্কের জন্ম দিয়েছে।এখন পুরোনো মানহানি মামলায় নতুন সমন পাওয়ার পর ১৭ অক্টোবরের শুনানি রাঠির জন্য গুরুত্বপূর্ণ