উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের আবাসন ব্যবসার বিস্তার, চার দেশে সাত প্রকল্প
উপসাগরীয় অঞ্চলের আবাসন ও পর্যটন বাজারে ব্যবসা সম্প্রসারণ করছে ট্রাম্প অর্গানাইজেশন। প্রতিষ্ঠানটির অংশীদারত্বে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে গলফ কোর্স, হোটেল, রিসোর্ট ও বিলাসবহুল আবাসন নির্মাণের একাধিক প্রকল্প এগিয়ে চলছে।প্রকল্পগুলোর বেশির ভাগই সৌদি আরবের আবাসন কোম্পানি দার আল আরকানের আন্তর্জাতিক শাখা দার গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে তৈরি হচ্ছে।দুবাইয়ের শেখ জায়েদ রোডে প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ৮০ তলাবিশিষ্ট ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার। এতে প্রায় ৫০০টি আবাসিক ইউনিট, একটি হোটেল এবং সদস্যদের জন্য একটি প্রাইভেট ক্লাব থাকার কথা রয়েছে। প্রকল্পটির নির্মাণকাজ এগিয়ে নিতে দার গ্লোবাল সম্প্রতি একটি নির্মাণচুক্তি দিয়েছে বলে দ্য ন্যাশনাল জানিয়েছে।সৌদি আরবে ট্রাম্প অর্গানাইজেশনের তিনটি প্রকল্প নির্মাণাধীন। এর মধ্যে দুটি জেদ্দায় এবং একটি রিয়াদের ওয়াদি সাফারে। এসব প্রকল্পে ট্রাম্প ব্র্যান্ডের গলফ কোর্স, আন্তর্জাতিক মানের হোটেল, অ্যাপার্টমেন্ট ও টাউনহাউজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলো ২০২৯ থেকে ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার কথা।কাতারের দোহায় সিমাইসমা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব নির্মাণ করা হচ্ছে। প্রায় আট লাখ বর্গমিটার এলাকায় গড়ে ওঠা প্রকল্পে ১৮ হোলের গলফ কোর্স, ক্লাবহাউজ ও ট্রাম্প ব্র্যান্ডের বিলাসবহুল ভিলা থাকার কথা রয়েছে।ওমানের রাজধানী মাসকাটের কাছে দার গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে একটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে ভিলা, হোটেল ও গলফ কোর্স রাখার কথা বলা হয়েছে।উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসা শুরু হয় দুবাইয়ে। ২০১৭ সালে ড্যামাকের সঙ্গে অংশীদারত্বে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ওই বাজারে প্রবেশ করে।ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্পের ভাষ্য, উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প ব্র্যান্ডের প্রতি আগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা যুক্তরাষ্ট্রের বাইরে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও উরুগুয়েতেও বিস্তৃত।সূত্র: দ্য ন্যাশনাল