ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্যের মধ্যেই আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংক্ষিপ্ত এই অধিবেশনে সরকারি বিল ও তিনটি অধ্যাদেশ উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেতে পারে।স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অধিবেশন চলার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, আট কার্যদিবসের এই অধিবেশনে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।রোববার বিকেলে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কর্মসূচি নির্ধারণ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ জ্যেষ্ঠ সংসদ সদস্য ও হুইপরা অংশ নেন।বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের জন্য জমা হয়েছে আরও ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সাধারণ আলোচনাও অধিবেশনের নিয়মিত কার্যসূচিতে থাকবে।তবে রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি। এ দুটি বিষয় নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপনের পরিকল্পনা নেই।অন্যদিকে সংসদ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন নির্বিঘ্ন রাখতে এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ গুরুত্বপূর্ণ মোট ছয়টি বিল পাস হয়।

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন