ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

লিবিয়ার জাওয়িয়া তেল শোধনাগারে আগুন

লিবিয়ার সবচেয়ে বড় জাওয়িয়া তেল শোধনাগারের একটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।রাষ্ট্রীয় তেল কোম্পানি ন্যাশনাল অয়েল করপোরেশনের (এনওসি) সহযোগী প্রতিষ্ঠান ব্রেগা পেট্রোলিয়াম মার্কেটিং কোম্পানি জানিয়েছে, আগুনে শোধনাগারের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে মূল্যায়ন চলছে।এনওসির পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগা ট্যাংকটিতে প্রায় ৪৫ লাখ লিটার পেট্রল মজুত ছিল। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ট্যাংকটি সরাসরি হামলার শিকার হয়েছে। ঘটনার পর সর্বোচ্চ পর্যায়ের জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3536]সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে জাওয়িয়া শহরের আকাশে আগুনের বড় শিখা ও কালো ধোঁয়া দেখা গেছে। তবে এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়িয়া শোধনাগারটি লিবিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা। প্রতিদিন প্রায় ১ লাখ ২০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে এই শোধনাগারের।শোধনাগারটি দেশটির বড় তেলক্ষেত্রগুলোর একটি শারারা তেলক্ষেত্রের সঙ্গেও সংযুক্ত। কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরও শোধনাগারের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি।এর আগে শনিবার ভোরে একই শোধনাগারে অপরিশোধিত ন্যাফথা সংরক্ষণের একটি ট্যাংকে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ট্যাংক ক্ষতিগ্রস্ত হলেও কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সূত্র: আরব নিউজ

লিবিয়ার জাওয়িয়া তেল শোধনাগারে আগুন