স্বর্ণদ্বীপের উদ্দেশে তেজগাঁও বিমানবন্দর ছাড়লেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন তিনি।সফরসূচি অনুযায়ী, স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।বিশেষ এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।স্বর্ণদ্বীপে এই তিন বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে প্রথমবারের মতো যৌথ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়েছে।অনুশীলনস্থলে প্রধানমন্ত্রী সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।এ ছাড়া দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর।তিন বাহিনীর সমন্বিত সামরিক অনুশীলন এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি সরঞ্জাম সরাসরি পর্যবেক্ষণ করবেন সরকারপ্রধান।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মহড়ার চূড়ান্ত অনুশীলন ও সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।