তানোরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, এলাকায় উত্তেজনা
রাজশাহীর তানোর উপজেলার কলমা ও পাঁচন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এসব আকস্মিক ঝটিকা মিছিল বের করা হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বিক্ষোভ মিছিলের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পরপরই রাতেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে কঠোর অবস্থান নিয়ে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। রাতের অন্ধকারে এমন আকস্মিক মিছিলের ঘটনায় পুরো উপজেলাজুড়ে ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মী রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মশাল হাতে রাস্তায় নেমে আসেন। মিছিল থেকে সরকারবিরোধী এবং দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কলমা ও পাঁচন্দর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়েক মিনিট স্থায়ী এই ঝটিকা মিছিল শেষেই অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে আত্মগোপনে চলে যান।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলগুলো মাত্র কয়েক মিনিটের জন্য স্থায়ী ছিল এবং খবর পাওয়ার আগেই অংশগ্রহণকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় কারা জড়িত ছিল, তা শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, পুরো বিষয়টি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন এলাকায় অভিযান চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।