ব্যাটিং বিপর্যয়ের মাঝেও হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
সিলেট টেস্টে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও উজ্জ্বল তাওহিদ হৃদয়। একপ্রান্ত ধরে রেখে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন এই ব্যাটার। তবে তাঁর ব্যক্তিগত অর্জনের দিনে স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ২০৫ রান।শনিবার (৭ নভেম্বর) আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে ২৯ রানে অপরাজিত থাকা হৃদয়ের সঙ্গে ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম, যাঁর সংগ্রহ ছিল ১৬ রান। তবে ৩৪ রানেই থেমে যায় মুশফিকের ইনিংস।এরপর লিটন দাস ব্যাটিংয়ে নামলে নিজের প্রথম টেস্ট অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। অন্যদিকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন লিটন। দুটি বাউন্ডারি আদায় করলেও শেষ পর্যন্ত সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাশুল দিতে হয় তাঁকে।ওয়ারিকানের ফুল লেংথের অফ স্টাম্প বরাবর করা বলে ড্রাইভ করতে গিয়ে কাভারে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মেহেদী হাসান মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁর ব্যাট থেকে আসে ১৬ রান।একদিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ, অন্যদিকে ধৈর্য ধরে নিজের ইনিংস এগিয়ে নিয়েছেন হৃদয়। ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছে টেস্টে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।