ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির সাড়ে ৬ হাজার সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্য নিয়ে বিশেষ টহল পরিচালনা করছে বাহিনীটি।রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।তিনি জানান, গত ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে।এবারের দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান এসআরবির মহাপরিচালক।নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের ১৫টি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিদিন প্রায় সাড়ে ৬ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।এসব এলাকায় দৃশ্যমান টহল কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে প্রায় সাড়ে ৫০০ পিকআপ ও সাড়ে ৪০০ মোটরসাইকেল।আহসান হাবীব পলাশ জানান, দুর্গাপূজা ঘিরে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশি চালাচ্ছে এসআরবির ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক সদস্য রিজার্ভ রাখা হয়েছে বলেও জানান তিনি।প্রতিমা বিসর্জনের দিন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।একই সঙ্গে এসআরবি সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।বাহিনীটি জানিয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গোয়েন্দা তথ্য, সাইবার নজরদারি ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে দুর্গাপূজা ঘিরে নাশকতা কিংবা উগ্রবাদী হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে এসআরবি।তবে সম্ভাব্য যেকোনো নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিরোধে কাজ করছে এসআরবির সাইবার মনিটরিং টিম।এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বাহিনীটি।

দুর্গাপূজায় দেশজুড়ে এসআরবির সাড়ে ৬ হাজার সদস্য মোতায়েন