গোপালগঞ্জে এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। তবে সংসদ সদস্য অক্ষত ও সুস্থ আছেন বলে জানা গেছে।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছনে থাকা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা খায়।এই ধারাবাহিক দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।এদিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনার কবলে পড়েন। এতে তাঁর গাড়িবহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং তাঁর নিজের গাড়িটিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন। এই ঘটনায় তাঁর বহরে থাকা রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।