ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারে শ্রমিকবাহী ও যাত্রীবাহী বাসে আগুন

ঢাকার সাভারে কয়েক ঘণ্টার ব্যবধানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পোশাক শ্রমিকবাহী একটি বাস এবং ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। প্রাথমিকভাবে ঘটনাগুলো নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে সন্দেহ করছে ফায়ার সার্ভিস।রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (৯ নভেম্বর) ভোর পর্যন্ত পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাস দুটির আগুন নিয়ন্ত্রণে আনেন।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা পোশাক শ্রমিকবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান ফায়ার সার্ভিসের কর্মীরা।এর কয়েক ঘণ্টা পর ভোর ৪টার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। সেখানেও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।সোমবার সকালে দুটি ঘটনার তথ্য নিশ্চিত করেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।তিনি জানান, গেন্ডা ও বলিয়ারপুরে পৃথক দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে উভয় স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।জাহাঙ্গীর আলমের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।তবে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত কিংবা বাস দুটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাভারে শ্রমিকবাহী ও যাত্রীবাহী বাসে আগুন