ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্প দুটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বিষয়টি জানান।[BANGVIEWS-POST:1641]বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি বর্জ্যভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে বিনিয়োগ করবে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদ ধরা হয়েছে ২৫ বছর।অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি মাতুয়াইলে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এ প্রকল্প থেকে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুতের সমতুল্য।এ ছাড়া প্রকল্পটির আওতায় সৌরবিদ্যুৎ, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহারের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হবে বলে জানানো হয়েছে।বৈঠকে উল্লেখ করা হয়, এসব প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।[BANGVIEWS-POST:1637]প্রকল্প দুটি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুই সিটি কর্পোরেশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক