ঢামেকের সামনে কিশোরীর মরদেহ, হত্যার অভিযোগে গ্রেফতার ৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। গ্রেফতারকৃতরা হলেন- এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে।পরবর্তীতে কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর রহস্য উদঘাটনে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। এ ঘটনায় গত ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরাধের বিষয়টি আড়াল করার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেফতার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি স্বজনদের নিয়ে অন্যত্র আত্মগোপন করে।
এদিকে, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।