ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বসুন্ধরায় ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি আয়োজনের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ এবং ২৬ জন তরুণী রয়েছেন। বাড়িটি পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ভাড়া দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া অভিযান মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলে। ভাটারার পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা ভবনটিতে অভিযান চালানো হয়।ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, বাড়িটিতে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন আবাসন ভাড়া দেওয়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ বুকিং দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকার তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ ভাড়া নিয়ে সেখানে আয়োজিত পার্টিতে অংশ নিতেন বলে জানান তিনি।ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, এসব পার্টি থেকে পাওয়া আয়ের বড় একটি অংশ পেতেন অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ও তাঁর কর্মীরা।তিনি আরও জানান, একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে বাড়িটির কার্যক্রম পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তাঁর ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযানের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

বসুন্ধরায় ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪