ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল হীরা-স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম, রুবি ও স্বর্ণালংকারসহ জনি রহমান নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মূল্যবান সামগ্রীর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা।রোববার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো তথ্যে এ ঘটনা জানানো হয়।এনবিআর জানায়, কলকাতা থেকে আসা একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের সম্ভাবনার বিষয়ে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে আগের রাত ৮টার দিকে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম এবং বিমানবন্দরে কর্মরত সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন।এ সময় কলকাতা থেকে আসা যাত্রী জনি রহমান ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।সন্দেহের ভিত্তিতে তাঁর ব্যাগ স্ক্যান করা হলে আচারের বয়ামের ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হীরা ও অন্যান্য মূল্যবান পাথর পাওয়া যায়।জাতীয় রাজস্ব বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ ক্যারেটের ৪৭৮ গ্রাম ওজনের হীরা বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি এবং ৯৫০ ক্যারেটের ৪৫০ গ্রাম ওজনের ১৫১টি প্লাটিনামের আংটি।এ ছাড়া ১৮ ক্যারেটের ছয় গ্রাম ওজনের হীরা বসানো তিনটি সাদা স্বর্ণের অলংকার, আট গ্রাম ওজনের হীরা বসানো দুটি রুপার আংটি, চার গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের লকেট এবং পাঁচ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়েছে।উদ্ধার করা সামগ্রীর মধ্যে আরও রয়েছে ১০৩ গ্রাম ওজনের ৪৭২টি স্বর্ণের নাকফুল।স্বর্ণালংকারের পাশাপাশি ৪৫ ক্যারেট হীরা এবং বিভিন্ন আকারের পোখরাজ, রুবিসহ মোট ৭২০টি মূল্যবান পাথর পাওয়া গেছে। এসব পণ্যের সঙ্গে ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।এনবিআরের হিসাবে, জব্দ করা সামগ্রীর মোট ওজন এক হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়নপত্র অনুযায়ী এগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৭০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, যাত্রী প্রয়োজনীয় ব্যাগেজ ঘোষণা ছাড়াই এসব মূল্যবান সামগ্রী দেশে নিয়ে আসায় সেগুলো জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটক জনি রহমানের বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।তবে কোন থানায় মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হয়েছে কি না, সে বিষয়ে প্রদত্ত তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।

শাহজালাল বিমানবন্দরে আচারের বয়ামে মিলল হীরা-স্বর্ণ