চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।বিএনপির এই প্রবীণ নেতার বিদেশযাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলের স্ত্রী ও নারী নেত্রী নাঈমা খন্দকার।পারিবারিক সূত্রে জানা গেছে, ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। এই চিকিৎসা সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।ড. মোশাররফের দ্রুত সুস্থতা, নিরাপদ যাত্রা এবং সফল চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন তাঁর পুত্রবধূ নাঈমা খন্দকার।উল্লেখ্য, ২০২৩ সালেও একই হাসপাতালে বিএনপির এই অভিজ্ঞ রাজনীতিবিদের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।ড. খন্দকার মোশাররফ হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এর আগে ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।