কৃষিনীতির মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথ দেখান জিয়াউর রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষিনীতি ছিল যুগান্তকারী। দেশে কৃষিকে আধুনিকায়নের যাত্রা মূলত তাঁর সময়েই শুরু হয় বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (১৯ জুন) সকালে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মঈন খান বলেন, যখন দেশে খাদ্য সংকট ছিল, তখন জিয়াউর রহমান কৃষি খাতকে আধুনিকায়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তি তৈরি করেন। তার নেয়া নীতিগুলোর ফলে দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসে।তিনি আরও বলেন, বর্তমান সরকারও কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বিএনপি আগামী পাঁচ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে, যার মাধ্যমে পরিবেশ রক্ষা ও দেশের সবুজায়ন নিশ্চিত করা হবে।পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আজিজুল হক, পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, পলাশ থানার ওসি শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক এবং যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টনসহ অন্যান্য নেতারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার কৃষকদের মাঝে গাছের চারা, সার, বীজ ও নগদ অর্থ বিতরণ করেন।