ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি ও ম্যাটস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি এবং মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েব পোর্টালের মাধ্যমে ৬ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। পরবর্তীতে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত প্রিপেইড টেলিটকের মাধ্যমে অফেরতযোগ্য ৮০০ টাকা আবেদন ফি পরিশোধ করা যাবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ ও ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এরপর আগামী ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশব্যাপী নির্ধারিত কেন্দ্রগুলোতে এক ঘণ্টার এই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী আইএইচটি অথবা ম্যাটস—উভয়ের যেকোনো একটিতে আবেদনের সুযোগ পাবেন।ভর্তি পরীক্ষায় এসএসসির পাঠ্যসূচি অনুযায়ী মোট ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা নেওয়া হবে। বিষয়ভিত্তিক মানবণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে ১৫ নম্বর করে মোট ৯০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএর ৫-এর গুণিতক দ্বিগুণ হিসেবে সর্বোচ্চ ১০ নম্বর এবং এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে জাতীয় মেধা অনুযায়ী যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সুস্পষ্টভাবে জানিয়েছে, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে অকৃতকার্য হলে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি কোনো আইএইচটি ও ম্যাটসে ভর্তির সুযোগ পাবেন না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।