পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালুর সিদ্ধান্ত
বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের আগামী পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগেই সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি।বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনার মাধ্যমে সম্ভাব্য পরিকল্পনা তুলে ধরে। এতে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করা হয়।আলোচনায় সংসদ সচিবালয়ের মোট বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সংসদ ভবন এলাকায় থাকা অব্যবহৃত ও ফাঁকা জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের সম্ভাবনা গুরুত্ব পায়।একই সঙ্গে বিদ্যুতের প্রয়োজন এবং বিদ্যমান কারিগরি সক্ষমতা বিবেচনা করে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উৎপাদনক্ষমতা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান ও পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।প্রকল্পের কারিগরি বিষয়গুলো যাচাই করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাতীয় সংসদ সচিবালয়, ডিপিডিসি এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণের বিষয়টি বৈঠকে উল্লেখ করা হয়।এ ছাড়া প্রস্তাবিত কারিগরি কমিটির সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনাসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মো. মাহবুবুল আলম ও মো. সাইফুল আলম।বৈঠকে ডিপিডিসিকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের কারিগরি স্পেসিফিকেশন জাতীয় সংসদ সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পরবর্তী বৈঠকের আগেই দরপত্র আহ্বানের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে জাতীয় সংসদ সচিবকে নির্দেশ দেওয়া হয়।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় কারিগরি যাচাই ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।