ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডলারের বাজারে ফের অস্থিরতা: খোলাবাজারে দাম ছাড়াল ১২৯ টাকা!

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বাড়তি দায় মেটাতে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। নগদ ডলারের সীমিত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্ত হয়ে বাজারে নতুন করে চাপ তৈরি করেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আমদানি ব্যয় আরও বেড়ে দেশের ভোগ্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে।বর্তমানে ব্যাংকিং চ্যানেলে প্রতি ডলারের বিনিময় হার ১২৫ টাকার কাছাকাছি থাকলেও খোলাবাজারে (কার্ব মার্কেট) তা বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকের তুলনায় নগদ ডলার কিনতে গ্রাহকদের ৩ থেকে ৪ টাকারও বেশি গুনতে হচ্ছে। দুই বাজারের এই বড় ব্যবধান বৈধ চ্যানেলের বাইরে লেনদেন উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম সংকট তৈরির ঝুঁকি বাড়াচ্ছে।খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণে রাখতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের সদস্যদের সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নির্দেশনার পরও বিভিন্ন স্থানে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকায় ডলার বিক্রির খবর পাওয়া যাচ্ছে।ব্যাংকারদের তথ্য অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭০ পয়সায় কিনেছে, যেখানে ব্যাংকগুলোর নিজস্ব ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা থেকে ১২৪ টাকা ৬০ পয়সা। একই সময়ে আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তির ক্ষেত্রে ডলারের দর আগের দিনের ১২৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১২৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ১১ নভেম্বরের তথ্যমতে, আন্তঃব্যাংক বাজারে ডলারের ভারিত গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩৫ পয়সা।ডলারের বাজারে এই বাড়তি চাপের পেছনে জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধিকে প্রধান কারণ হিসেবে দেখছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের (১ দশমিক ২৫ বিলিয়ন ডলার) তুলনায় প্রায় দ্বিগুণ। একই সময়ে সামগ্রিক পণ্য আমদানিতে ব্যয় প্রায় ১২ শতাংশ বেড়ে ১২ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।এদিকে বিদেশ ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার প্রয়োজনে নগদ ডলারের চাহিদা বাড়লেও বৈধ উৎসে সরবরাহ সীমিত থাকায় খোলাবাজারে দাম চড়া রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করলেও আমদানি দায়ের চাপে তা দীর্ঘস্থায়ী স্বস্তি দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।সার্বিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “আমাদের রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল রয়েছে এবং রপ্তানি আয় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে কিছু ক্ষেত্রে জ্বালানি ক্রয়ে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হওয়ায় বৈদেশিক মুদ্রার ওপর একটি সাময়িক চাপ তৈরি হয়েছে। ব্যাংকগুলো যদি মনে করে এখানে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন, তবে বাংলাদেশ ব্যাংক অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা রাখবে।”

ডলারের বাজারে ফের অস্থিরতা: খোলাবাজারে দাম ছাড়াল ১২৯ টাকা!