সিরাজগঞ্জে সিল্কসিটির বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে যমুনা সেতুর পশ্চিম পাশে অবস্থিত স্টেশনটিতে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর একটি বগি হঠাৎ লাইন থেকে নেমে যায়।শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। তবে বগিটি লাইনচ্যুত হওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।[BANGVIEWS-POST:3111]এদিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস যমুনা সেতুর পশ্চিম পাশের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে। এতে ট্রেনটির যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেললাইন পরীক্ষা করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।তাৎক্ষণিকভাবে বগিটি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার ও মেরামতের কাজ তদারকি করছেন।