যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অনুমোদনের ক্ষেত্রে কঠোর নজরদারি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন নির্দেশনা দিয়ে একটি মেমো পাঠিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অধীন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি)। ২৪ আগস্টের ওই মেমোতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (CPT) অনুমোদনের সংখ্যা বেড়েছে এবং এর কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, CPT শুধুমাত্র শিক্ষাক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত প্রশিক্ষণের ক্ষেত্রেই অনুমোদন পাওয়ার কথা। [BANGVIEWS-POST:4653]মেমোতে সতর্ক করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো যদি এসইভিপির নিয়ম মেনে না চলে, তাহলে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার জন্য তাদের সার্টিফিকেশন বাতিল হতে পারে। নতুন নির্দেশনার পর যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের কিছু ইন্টার্নশিপ অনুমোদন আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ) জানিয়েছে, সরকারি নির্দেশনা পর্যালোচনার সময় পর্যন্ত কিছু CPT অনুমোদন স্থগিত রাখা হয়েছে। [BANGVIEWS-POST:4652]এদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলে জানিয়েছে, নির্দিষ্ট কিছু কাজের অনুমোদন আপাতত সীমিত করা হবে। তবে ডিগ্রির জন্য বাধ্যতামূলক CPT এবং ডক্টরাল গবেষণা বা মাস্টার্স থিসিস গবেষণাসংশ্লিষ্ট CPT আগের নিয়মেই চলবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, বিদ্যমান নিয়মে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় ও নিয়োগদাতাদের সতর্ক করে বলা হয়েছে, এই ব্যবস্থার অপব্যবহার আর গ্রহণযোগ্য হবে না। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগে প্রভাব ফেলতে পারে।সূত্র: রয়টার্স