ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক্সচেঞ্জ ভিসার অপব্যবহারে হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তদন্ত

মাইক্রোসফট ও অ্যাডোবিসহ শীর্ষ আট প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রম সনদ ও গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করার পর এবার এক্সচেঞ্জ ভিসার অপব্যবহার খতিয়ে দেখতে হার্ভার্ড ও ইয়েলসহ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ৯টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন।স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ অক্টোবর) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর রয়টার্সের।হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড, ব্রাউন এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বখ্যাত ৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ তদন্ত পরিচালিত হবে। প্রশাসনের অভিযোগ, মার্কিন নাগরিকদের মজুরি কমিয়ে কম খরচে বিদেশি গবেষক ও কর্মী ব্যবহারের উদ্দেশ্যে এসব বিশ্ববিদ্যালয় এক্সচেঞ্জ-ভিজিটর ভিসার অপব্যবহার করেছে।মার্কিন শ্রম বিভাগের মহাপরিদর্শক অ্যান্থনি ডি’এসপোসিতো নিশ্চিত করেছেন, ইতিমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় কোনো ধরনের অযাচিত বিদেশি প্রভাব, অনৈতিক আর্থিক লেনদেন কিংবা এক্সচেঞ্জ ভিসার কাঠামোগত অপব্যবহার রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে।প্রশাসনের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রতিনিধিদের সংগঠন ‘আমেরিকান কাউন্সিল অন এডুকেশন’। সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট সারাহ স্প্রিটজার সতর্ক করে বলেছেন, এ সিদ্ধান্তের ফলে পুরো মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও গবেষণার সুবাদে প্রতি বছর প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করে থাকে, যা উচ্চশিক্ষা খাতের অন্যতম মূল চালিকাশক্তি।এই তদন্তের মধ্য দিয়ে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নীতি নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করল। এর আগে হোমল্যান্ড সিকিউরিটির নোটিশকে ‘ভিত্তিহীন প্রতিশোধমূলক পদক্ষেপ’ বলে আখ্যা দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষ। এদিকে ঘন ঘন ভিসা নীতি পরিবর্তনের প্রভাবে ইতোমধ্যে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আন্তর্জাতিক আবেদনকারীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে, যার ফলে সাময়িকভাবে একটি সাংবাদিকতা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি স্থগিত করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।সূত্র: রয়টার্স

এক্সচেঞ্জ ভিসার অপব্যবহারে হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ে ট্রাম্পের তদন্ত