গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা
অনুমোদিত সীমার বাইরে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয়।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।অভিযানকালে সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে বলে জানায় তদন্ত দল।এনবিআর জানায়, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির ওয়্যারহাউস ও সেখানে মজুত পণ্য নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।