ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মারা গেলেন হলিউড তারকা টম স্কেয়ারিট

হলিউডের শক্তিমান অভিনেতা এবং ছয় দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দা মাতানো এমিজয়ী তারকা টম স্কেয়ারিট (Tom Skerritt) আর নেই। গত ২১ অক্টোবর বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।টম স্কেয়ারিটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাঁর পরিবারের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় জানানো হয়, “বিশ্ববাসী টমকে তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার কারণে মনে রাখলেও আমাদের কাছে তিনি ছিলেন অনন্য এক ব্যক্তিত্ব—যাঁর রসবোধ, কৌতূহল, বুদ্ধিমত্তা, উদারতা এবং ভালোবাসা আমাদের জীবনকে পরিপূর্ণ করেছিল।” তাঁর মৃত্যুতে হলিউডজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এর সহ-অভিনেত্রী জুলিয়া রবার্টস শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘একজন ভদ্র মানুষের দীপ্তমান আলো’ হিসেবে আখ্যায়িত করেন।বর্ণাঢ্য অভিনয়জীবনে ছোট ও বড় পর্দা মিলিয়ে ১৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। মার্কিন বিমান বাহিনীতে চার বছর দায়িত্ব পালনের পর ১৯৬২ সালে যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওয়ার হান্ট’-এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তাঁর। তবে ১৯৭০ সালে রবার্ট অল্টম্যান পরিচালিত তুমুল জনপ্রিয় স্যাটায়ার সিনেমা ‘ম্যাশ’ (MAS*H)-এ অভিনয়ের মধ্য দিয়ে তারকাখ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি অস্কারের সেরা চলচ্চিত্রের মনোনয়নসহ বক্স অফিসে দারুণ বাণিজ্যিক সাফল্য পেয়েছিল।পরবর্তীতে ১৯৭০ ও ৮০-এর দশকে তিনি একের পর এক দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেন। এর মধ্যে রয়েছে কাল্ট ব্ল্যাক কমেডি ‘হ্যারল্ড অ্যান্ড মড’, ‘থিউভস লাইক আস’, ‘দ্য টার্নিং পয়েন্ট’, রিডলি স্কটের বিখ্যাত সায়েন্স ফিকশন হরর ‘এলিয়েন’, ডেভিড ক্রোনবার্গের ‘দ্য ডেড জোন’, ‘পল্টারজিস্ট থ্রি’ এবং ‘স্টিল ম্যাগনোলিয়াস’। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মর্যাদাপূর্ণ প্রাইমটাইম এমি পুরস্কার জিতেছেন এবং গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কারের জন্যও একাধিকবার মনোনীত হয়েছিলেন।২০০০-এর দশকেও তিনি ‘টিয়ার্স অব দ্য সান’, ‘হোয়াইটআউট’ এবং ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘উইল অ্যান্ড গ্রেস’, ‘দ্য ওয়েস্ট উইং’ ও ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’-এ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েস্টার্ন ড্রামা ‘ব্রোক’ (Broke) ছিল এই কিংবদন্তি অভিনেতার শেষ চলচ্চিত্র।

মারা গেলেন হলিউড তারকা টম স্কেয়ারিট