গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন প্ল্যাটফর্ম থেকে মাদকসহ আটক দুই কারবারিকে ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ফাঁড়িতে হামলা ও মাদক জব্দের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়ে হামলায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।রেলওয়ে পুলিশ জানায়, প্ল্যাটফর্মে আনিস ও শিমলা নামের দুই কারবারি ইয়াবা ও গাঁজা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে প্ল্যাটফর্মের পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এর পরপরই আটক মাদক কারবারিদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান গুরুতর আহত হন।ঘটনার পর আহত এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন।ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা এবং রেলওয়ে পুলিশ যৌথভাবে তাৎক্ষণিক অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলায় সরাসরি জড়িত শুভ, ছানোয়ার হোসেন ও ইয়াসিন নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদকসহ আগেই দুজনকে আটক করা হয়েছিল। জিএমপি সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁদের আইনি প্রক্রিয়া শেষে ঢাকার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হচ্ছে।