'নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই'
দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও সরকার এ মুহূর্তে নতুন কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে না।শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা এবং শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর নতুন নামে শুল্ক কার্যকর হলেও বাস্তবে আগের পরিস্থিতির সঙ্গে এর কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী নীতির নির্ধারিত সময় শেষ হওয়ায় দেশটির নিজস্ব আইনি কাঠামোর আওতায় একই হারে শুল্ক নতুন নামে বহাল রাখা হয়েছে।[BANGVIEWS-POST:2401]তিনি আরও বলেন, এ কারণে নতুন শুল্ক কার্যকরের ফলে বাংলাদেশের জন্য অতিরিক্ত কোনো পরিবর্তন সৃষ্টি হয়নি এবং বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে।এদিকে, লাক্কাতুরা চা-বাগানে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ জন চা-শ্রমিক চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সেবাও প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চা-শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।