ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরাসরি বিরূপ প্রভাব পড়েছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ভাড়ায়। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-বেনাপোল, চট্টগ্রাম-উত্তরাঞ্চল ও চট্টগ্রাম-কুমিল্লাসহ দেশের গুরুত্বপূর্ণ সব রুটে বাণিজ্যিক যানবাহনের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তেলের দাম বাড়ানোর পর থেকেই ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা দফায় দফায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন, কোনো কোনো রুটে যা প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে। এই বাড়তি পরিবহণ ব্যয়ের সরাসরি অভিঘাত পড়ছে চাল, ডাল ও শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে।মালিক ও শ্রমিকদের দাবি, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় গাড়ি পরিচালন খরচ বেড়ে গেছে, ফলে বাধ্য হয়েই তাদের বাড়তি ভাড়া নিতে হচ্ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, জ্বালানি তেলের দাম যে অনুপাতে বেড়েছে, পরিবহন মালিকরা তার চেয়ে বহুগুণ বেশি হারে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। দেশের প্রায় ৮০ শতাংশ আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হয়ে সড়কপথে সারাদেশে ছড়িয়ে পড়ে। জ্বালানির মূল্যবৃদ্ধির পর বাজারে দেখা দিয়েছে ট্রাক ও কাভার্ডভ্যানের সংকট। এই সংকটকে পুঁজি করে মালিক ও মধ্যস্বত্বভোগীরা একচেটিয়া বাড়তি ভাড়া আদায় করছেন।বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর ও নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন মোকাম থেকে চাল ও কৃষিপণ্য পরিবহণে চট্টগ্রাম পর্যন্ত আগে যেখানে ট্রাকভাড়া ছিল ২২ হাজার থেকে ২৪ হাজার টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার থেকে ৪০ হাজার টাকায়। কোনো কোনো ক্ষেত্রে তা ৪২ হাজার টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। এর সরাসরি প্রভাবে মোকামে চালের দাম স্থিতিশীল থাকলেও কেবল পরিবহণ ভাড়ার কারণে পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) চালে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।চট্টগ্রামের পাহাড়তলী ও চাক্তাইয়ের চাল ব্যবসায়ীরা জানান, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে পণ্য পরিবহণে আগে ট্রাকপ্রতি ভাড়া গুনতে হতো ১৫ থেকে ১৬ হাজার টাকা, যা বর্তমানে বেড়ে ২৫ থেকে ২৭ হাজার টাকায় দাঁড়িয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকে আশুগঞ্জ ও কুমিল্লা রুটে ১৪-১৬ হাজার টাকার ভাড়া দাঁড়িয়েছে ২১-২৩ হাজার টাকায়। একই চিত্র তৈরি পোশাক পরিবহনেও; আশুলিয়া থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত কাভার্ডভ্যান ভাড়া ১৮-২০ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ৩০ হাজার টাকায় পৌঁছেছে।পরিবহণ ব্যয়ের এই তীব্র ঊর্ধ্বগতির কারণে পাইকারি মোকাম থেকে খুচরা বাজারেও পণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচাবাজারে সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না। গত ২০ সেপ্টেম্বর সরকারের নির্বাহী আদেশে প্রতি লিটার ডিজেল ১১৫ থেকে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকায় পুনর্নির্ধারণ করা হয়। ব্যবসায়ীদের আশঙ্কা, পণ্য পরিবহণে এই বাড়তি ভাড়ার নৈরাজ্য অবিলম্বে নিয়ন্ত্রণ করা না গেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে উঠবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ট্রাক ও কাভার্ডভ্যান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি