২২ বছর পর আবার বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘ ২২ বছর পর ৫২ বছর বয়সী এই ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী ক্যামেরন ও’রিলিকে।জেমিমার পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের ছুটিতে জেমিমা ও ৬২ বছর বয়সী ক্যামেরন ও’রিলি জমকালো আয়োজনে বিয়ে করেন। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের প্রতি দুজনের আগ্রহ থেকেই তাদের পরিচয় তৈরি হয়েছিল বলে জানা গেছে।জেমিমার ভাই বেন গোল্ডস্মিথের স্ত্রী জেমিমা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।ইমরান খানের সঙ্গে জেমিমার প্রায় নয় বছরের দাম্পত্য জীবন ছিল। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির সুলাইমান ও কাসিম নামে দুই ছেলে রয়েছে।জেমিমা বর্তমানে চলচ্চিত্র প্রযোজনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা এবং বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শেখর কাপুর পরিচালিত রোমান্টিক কমেডি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’এ ছাড়া তিনি দ্য নিউ স্টেটসম্যান ও ভ্যানিটি ফেয়ারসহ বিভিন্ন আন্তর্জাতিক সাময়িকীর সঙ্গে লেখক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। মানবাধিকার ইস্যুতেও বিভিন্ন সময় তাকে সরব থাকতে দেখা গেছে।সম্প্রতি কারাবন্দি সাবেক স্বামী ইমরান খানের শারীরিক অবস্থা এবং দুই ছেলের সঙ্গে তার যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেমিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টিকে শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু নয়, মানবাধিকারসংক্রান্ত জরুরি সংকট বলেও উল্লেখ করেন।তার অভিযোগ, সুলাইমান ও কাসিমকে বাবার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না এবং নিয়মিত যোগাযোগেও বাধা সৃষ্টি করা হচ্ছে।ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি। তার দুই ছেলে আন্তর্জাতিক অঙ্গনে বাবার শারীরিক অবস্থা ও কারাবাসের বিষয়টি নিয়ে বক্তব্য দিয়ে আসছেন।সূত্র: এনডিটিভি