১২ বছর পর রোমের মঞ্চে ফিরছেন জেমস
দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল ব্যান্ডের জেমস। বহুল প্রতীক্ষিত এই আয়োজন ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।কনসার্ট সামনে রেখে বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি হোটেলে গেট-টুগেদার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে ইতালিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, পৃষ্ঠপোষক এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। এক যুগ পর রোমে আবারও দর্শকদের সামনে গান গাওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান এই রকশিল্পী।[BANGVIEWS-POST:3648]অনুষ্ঠানে বাংলাদেশের প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুকেও স্মরণ করেন জেমস। একই সঙ্গে দেশের বাইরে থাকা বাংলাদেশি শ্রোতাদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাংলা সংগীতের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন জেমস। নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা গান ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরবেন বলে প্রত্যাশা করেন তিনি।এদিকে দীর্ঘ বিরতির পর রোমে জেমসের কনসার্টকে কেন্দ্র করে ইতালিতে বসবাসরত বাংলাদেশি সংগীতপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে।