ইরানি জেনারেলকে অপহরণ ও হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে
নিখোঁজ এক ইসরাইলি পাইলটের সন্ধান করতে গিয়ে ইরানের দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তাঁদের একজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের পর হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়। অন্যজনকে অপহরণের পর নির্যাতন করে দক্ষিণ আফ্রিকায় জীবিত ছেড়ে দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ হওয়া ইসরাইলি বিমানবাহিনীর কর্মকর্তা রন আরাদের ভাগ্য সম্পর্কে জানতে কয়েক দশক ধরে গোপন অভিযান পরিচালনা করেছে ইসরাইল। এসব অভিযানে অপহরণ, নির্যাতন ও হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে।তুরস্ক থেকে অপহরণের পর হত্যাপ্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান।সেখানে তাকসিম এলাকার কাছে সিলান হোটেলে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাঁকে অপহরণ করেন মোসাদের এজেন্টরা বলে অভিযোগ উঠেছে।তিন সাবেক মার্কিন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণের পর আসগারিকে একটি নৌযানে রেখে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ইসরাইলি গোয়েন্দাদের ধারণা ছিল, নিখোঁজ পাইলট রন আরাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানেন এই ইরানি কর্মকর্তা।কিন্তু জিজ্ঞাসাবাদে আরাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপর আসগারিকে হত্যা করে তাঁর মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে দাবি করা হয়েছে।ইরানি কর্মকর্তাদের তদন্তেও আসগারিকে অপহরণের তথ্য উঠে আসে। তাঁদের অনুসন্ধান অনুযায়ী, অপহরণকারীরা হোটেলকক্ষে প্রবেশ করে তাঁকে মাদক প্রয়োগের মাধ্যমে অচেতন করেছিলেন। পরে অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।তৎকালীন মোসাদপ্রধান ছিলেন মেইর দাগান। ২০০৭ সালে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন এহুদ ওলমার্ট। তবে আসগারিকে হত্যার সিদ্ধান্তে ইসরাইলের রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।ফ্রিজের বাক্সে ভরে আরেক জেনারেলকে অপহরণইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে মোসাদের অভিযান সেখানেই শেষ হয়নি।২০২১ সালে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আইআরজিসির জেনারেল আবদুল্লাহ সাবেরিকে অপহরণের অভিযোগ ওঠে ইসরাইলি গোয়েন্দাদের বিরুদ্ধে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সকালে দৌড়ানোর সময় সাবেরিকে আটক করেন মোসাদের এজেন্টরা। তাঁকে একটি বড় ফ্রিজ বহনের বাক্সে ঢুকিয়ে ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।এরপর তাঁকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগও রয়েছে।তবে সাবেরির কাছ থেকেও রন আরাদের নিখোঁজ হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।পরে অপহরণের সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতা আড়াল করতে তাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত ছেড়ে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।যে পাইলটের জন্য চার দশক ধরে অনুসন্ধান১৯৮৬ সালে লেবাননে সামরিক অভিযান চালানোর সময় ইসরাইলি বিমানবাহিনীর একটি যুদ্ধবিমানে ত্রুটি দেখা দেয়। বিমান থেকে বেরিয়ে আসতে বাধ্য হন এর নেভিগেটর রন আরাদ।এরপর তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী আমালের হাতে বন্দি হন। কিন্তু পরবর্তী সময়ে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।ইসরাইল দীর্ঘদিন ধরে ধারণা করে আসছিল, আরাদকে ইরানের হাতে তুলে দেওয়া হয়েছিল কিংবা তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে তেহরানের কাছে তথ্য রয়েছে।এই ধারণার ভিত্তিতেই ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় বলে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে এসেছে।তবে পরবর্তী কয়েকটি গোয়েন্দা মূল্যায়নে আরাদকে ইরানে নেওয়ার পক্ষে প্রমাণ পাওয়া যায়নি।ইরান ও হিজবুল্লাহর যৌথ অনুসন্ধানেও ধারণা করা হয়, আরাদ সম্ভবত ১৯৮৮ সালে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে মারা যান এবং সেখানেই তাঁকে সমাহিত করা হয়।লেবাননের সাবেক কর্মকর্তাও নিখোঁজ২০২৫ সালের ডিসেম্বরে লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমাদ শুকর নিখোঁজ হন।প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর সন্ধান পাওয়া যায়নি।লেবাননের কর্মকর্তাদের সন্দেহ, ইসরাইলি গোয়েন্দারা তাঁকে অপহরণ করেছেন। তবে এই অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। শুকরের বর্তমান অবস্থানও অজানা।ইসরাইলি কর্মকর্তাদের একটি ধারণা, ১৯৮৮ সালে নিজের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতে শুকর রন আরাদকে হত্যা করে থাকতে পারেন। তবে এই তত্ত্বের পক্ষে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।মরদেহের সন্ধানে লেবাননে হামলাচলতি বছরের মার্চে পূর্ব লেবাননের নবী চিত গ্রামে রন আরাদের মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে অভিযান চালায় ইসরাইলি বাহিনী।৬ ও ৭ মার্চ ওই এলাকায় ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান পরিচালনা করা হয়।স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানে অন্তত ৪১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।ইসরাইলি সেনারা স্থানীয় কবরস্থানে অনুসন্ধান চালালেও রন আরাদের মরদেহের কোনো সন্ধান পায়নি।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ২ মার্চ থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৫৮ জন নিহত হয়েছেন।চার দশক ধরে চলা অনুসন্ধানেও রন আরাদের ভাগ্য সম্পর্কে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি। তবে নিউইয়র্ক টাইমসের নতুন অনুসন্ধানে উঠে এসেছে, তাঁকে খুঁজে বের করার প্রচেষ্টায় ইসরাইলি গোয়েন্দাদের একাধিক গোপন অভিযান এবং সেসব অভিযানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।সূত্র : নিউইয়র্ক টাইমস।