নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এই সম্মাননা প্রদান করেন।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ। সফরের শুরুতেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন তিনি।[BANGVIEWS-POST:3920]ভারত ও নেপালের সেনাপ্রধানদের একে অপরের দেশের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ দেওয়ার ঐতিহ্য ১৯৫০ সাল থেকে চলে আসছে। দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের প্রতীক হিসেবে এই প্রথাকে দেখা হয়।অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবসহ দুই দেশের সামরিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সফরকালে জেনারেল ধীরজ শেঠ নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সামরিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:3918]এ সময় ভারতের সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। পাশাপাশি নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার পরিদর্শন করেন।ভারতীয় দূতাবাস জানিয়েছে, জেনারেল শেঠের এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।সূত্র: ইন্ডিয়া টুডে