সিলেটে এনসিপির কর্মসূচি ঘিরে বিজিবি মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনের কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের ছয়টি উপজেলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।ঘোষিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এবং সন্ধ্যায় জৈন্তাপুরে দলটির পদযাত্রা কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।[BANGVIEWS-POST:2780]হবিগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিষয়টি মাথায় রেখে সিলেটের এই কর্মসূচিগুলোতে বাড়তি সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তঘেঁষা কয়েকটি উপজেলায় সন্ধ্যার পরও কর্মসূচি থাকায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।নিরাপত্তা প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে। সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা।