ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশের ‘জুট প্যাভিলিয়ন’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৃথিবীর পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে পৌঁছান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বৈচিত্র্যময় ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যগুলো ঘুরে দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশ নিতে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীও প্যাভিলিয়নটি পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানতে চান। শিক্ষার্থীরা জানান, তাঁরা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এ বিষয়ে গবেষণা ও পড়াশোনা করতে আগ্রহী।শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে পৃথিবীর পরিবেশ রক্ষা করা যায় এবং মানুষ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে পারে।”প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন গৃহস্থালি ও ছোট সামগ্রী, জুতা এবং ব্লেজারসহ মোট ১২৯ ধরনের বহুমুখী পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্য শতভাগ পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত সম্ভাবনাময়। কর্মকর্তারা আরও জানান, সম্মেলনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের ভূয়সী প্রশংসা করেছেন এবং অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী