সরকারি চাকরিজীবীদের জিপিএফ-সিপিএফ মুনাফার হার নির্ধারণ
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৬-২৭ অর্থবছরের মুনাফার হার নির্ধারণ করেছে সরকার। তহবিলের প্রারম্ভিক স্থিতির ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।সোমবার (২১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফা হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতির জন্য মুনাফার হার ১১ শতাংশ।একই স্ল্যাব অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরে জমা হওয়া চাঁদের ওপরও মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর প্রারম্ভিক স্থিতির ভিত্তিতে জমাকৃত চাঁদার ক্ষেত্রেও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।অর্থ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জিপিএফের প্রারম্ভিক স্থিতির ক্ষেত্রে নির্ধারিত হার আগের অর্থবছরের মতোই রাখা হয়েছে। তবে নতুন অর্থবছরে জমা হওয়া চাঁদার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৩ শতাংশ করা হয়েছে।সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের আর্থিক বিধিবিধান অনুসরণ করে মুনাফার হার নির্ধারণ করতে পারবে। তবে প্রজ্ঞাপনে নির্ধারিত স্ল্যাবভিত্তিক হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে।ফলে ২০২৬-২৭ অর্থবছরে জিপিএফের স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত থাকা সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফার আওতায় থাকবেন। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা বা তার বেশি স্থিতিতে ১১ শতাংশ মুনাফা প্রযোজ্য হবে।