সৌদির তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। শনিবার (২৫ জুলাই) জিজান ও ইয়ানবুর স্থাপনাগুলো লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে। হামলায় নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং এএফপির যাচাই করা ভিডিওতে জিজানের আরামকো শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে ইয়ানবুর স্থাপনায় হামলা বা ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।[BANGVIEWS-POST:2516]ইয়েমেনের হোদেইদা শহর ও কামারান দ্বীপে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা। সৌদি জোটের ভাষ্য, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হয়ে ওঠা হুথিদের সামরিক স্থাপনাই তাদের অভিযানের লক্ষ্য ছিল।এর আগে সৌদি জাহাজ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয় হুথিরা। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে পাল্টাপাল্টি হামলা বাড়ায় মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধফ্রন্ট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।হরমুজ প্রণালিতে চলাচল বিঘ্নিত হওয়ায় সৌদি আরব সম্প্রতি ইয়ানবু বন্দর দিয়ে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। ফলে ওই এলাকার তেল স্থাপনা ও নৌপথে হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে।সূত্র: রয়া নিউজ