ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিক অবসর নেননি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম। দীর্ঘ বিরতির পর দেশের হয়ে আবারও লাল-সবুজ জার্সিতে মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকায় দলে ফিরতে হলে তাঁকে প্রচলিত নিয়মানুযায়ী ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রায় দুই বছর আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন জাহানারা। এরপর ব্যক্তিগত ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষার কথা জানিয়ে জাতীয় দল থেকে সাময়িক বিরতি নেন এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সেখানে অবস্থানকালে স্থানীয় ক্লাব ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি পেসার। পরবর্তীতে গত বছরের ডিসেম্বরে নিজের ক্রিকেট ক্যারিয়ারে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির কিছু অভিযোগ জনসমক্ষে এনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। সম্প্রতি বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের কাছে তিনি পুনরায় জাতীয় দলে ফেরার আনুষ্ঠানিক ইচ্ছার কথা জানান।এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, ‘জাহানারা অনেক দিন আগে বোর্ডকে জানিয়েছিল যে সে ফিরতে চায় এবং দেশের হয়ে আবারও খেলতে আগ্রহী। তবে দলে ফিরতে হলে বিসিবির স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে, তা তাকে অবশ্যই অনুসরণ করতে হবে। ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।’জাতীয় নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও জাহানারার ফেরার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘জাহানারা ফিরতে চাইলে আমরা তাকে অবশ্যই স্বাগত জানাব। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক পর্যায়ের বাইরে থাকায় তাকে সবার আগে ফিটনেস টেস্টে অংশ নিতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে তাঁর বর্তমান বোলিং স্কিল ও ফর্ম দেখতে হবে। সেখানে ভালো পারফর্ম করলে তাঁকে অবশ্যই জাতীয় দলের বিবেচনায় আনা হবে।’ এ ছাড়া আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে জাহানারার অন্তর্ভুক্তির ব্যাপারেও বোর্ড ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি