জিন্নাহকে এত ভালো লাগলে পাকিস্তানের নাগরিকত্ব নিন: রাশেদ খান
পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি জামায়াত-শিবিরের এত আগ্রহ থাকলে তাদের বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের নাগরিকত্ব নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশেদ খান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াত-শিবির বাংলাদেশকে আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।রাশেদ খান দাবি করে পোস্টে লেখেন, ‘ভবিষ্যতে জামায়াত-শিবির ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালা এর একটি প্রমাণ।’ডাকসুর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন।পোস্টে তিনি লেখেন, ‘ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির!’ছবি প্রদর্শনের প্রসঙ্গ টেনে রাশেদ খান আরও বলেন, ‘ছবি যদি টাঙাতে হয়, তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত!’মুহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এত ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত!’একই পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাদেশে থেকে দেশবিরোধী শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়?’রাশেদ খান আরও বলেন, ‘সময় থাকতে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।’তার এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।