নারায়ণগঞ্জে স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ কারাগারে
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযানের নামে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. খায়রুল বাশার, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল মো. আফিকুল ইসলাম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মিরাজ ইসলাম শুভ ও মো. রানা।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দুই সোর্সকে সঙ্গে নিয়ে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের নামে সুমা আক্তারের বাড়িতে যান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। ওই সময় বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ অফিস আদেশের তথ্য উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী সুমা আক্তার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুই পুলিশ সদস্য ও দুই সোর্সকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে ২ জুলাই বিকেলে সাদা পোশাকে অভিযানে গেলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে স্বর্ণ চুরির অভিযোগে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।