২৪১ যাত্রী নিয়ে জাভা সাগরে নিখোঁজ জাহাজ, চলছে তল্লাশি
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জাহাজটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।রোববার স্থানীয় সময় ভোর ২টার দিকে ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের দিকে যাচ্ছিল।দক্ষিণ কালিমানতানের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ই পুতু সুদায়ানা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। জাহাজটির অপারেটরের দাবি, খারাপ আবহাওয়ার মধ্যে পড়ার পর জাহাজটির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল বানজারমাসিনের একটি ঘাট থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাভা সাগরে। ম্যানিফেস্ট অনুযায়ী, জাহাজটিতে ২৪১ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।অপারেটর প্রতিষ্ঠান পিটি ভার্গো ইয়োয়েল রিহি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে সুরাবায়া থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি।খবর পাওয়ার পর উদ্ধারকারী দলকে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ ঘাটে পাঠানো হয়েছে। একটি উদ্ধারকারী জাহাজও জাহাজটির সম্ভাব্য সর্বশেষ অবস্থানের দিকে পাঠানো হয়েছে।উদ্ধার অভিযান সমন্বয়কারী সুদায়ানা জানান, বিপুলসংখ্যক যাত্রী ও ক্রু থাকায় জাহাজটির সন্ধানে প্রয়োজনীয় জনবল ও উদ্ধার সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সামুদ্রিক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অভিযান চলছে এবং ওই এলাকার আবহাওয়াও পর্যবেক্ষণ করা হচ্ছে।