ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল ২০ শতাংশ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়িয়েছে সরকার। জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত এনএসআইয়ের সব স্তরের কর্মচারী এ সুবিধার আওতায় থাকবেন।এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে গেজেট জারি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জারি করা গেজেটটি বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।গেজেটে বলা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন এনএসআইয়ের সংশ্লিষ্ট কর্মচারীরা বিশেষ ভাতা হিসেবে যে পরিমাণ অর্থ পেতেন, তার সঙ্গে ২০ শতাংশ যোগ করে নতুন ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তবে এই বর্ধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।ফলে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএসআই কর্মচারীরা আগের নিয়মেই বিশেষ ভাতা পাবেন। এ সময় অর্থ বিভাগের ২০১৪ সালের ১ সেপ্টেম্বর জারি করা স্মারক অনুযায়ী তাদের ভাতা দেওয়া হবে।গেজেটে আরও বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে এনএসআই কর্মীদের বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না। অর্থাৎ নতুন পে-স্কেলে মূল বেতন বাড়লেও তার কোনো নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে এই বিশেষ ভাতা নির্ধারণ করা হবে না।প্রেষণে নিয়োজিত কর্মচারীদের ক্ষেত্রেও বিশেষ শর্ত রাখা হয়েছে। কোনো কর্মচারী প্রেষণে থেকে এনএসআইয়ের বিশেষ ভাতা গ্রহণ করলে তিনি নিজ নিজ বাহিনীর জন্য নির্ধারিত ঝুঁকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রযোজ্য ক্ষেত্রে প্রতিরক্ষা সার্ভিস ভাতা পাবেন না।গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ৩০ জুন প্রচলিত বিশেষ ভাতার পরিমাণকে ভিত্তি ধরেই ২০ শতাংশ বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। নতুন বর্ধিত হারে বিশেষ ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল ২০ শতাংশ