ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন বেতনকাঠামো কার্যকর হলেও পুরোনো হারেই মিলবে ভাতা

নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় চলতি অক্টোবর মাস থেকেই বর্ধিত মূল বেতন পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে মূল বেতন বাড়লেও আপাতত তাঁদের বিভিন্ন ভাতার হার অপরিবর্তিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলতি বছরের ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হতো, সেই হারেই ভাতা প্রদান করা হবে।সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হবে।অর্থ বিভাগ জানিয়েছে, ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত নতুন মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারের ভিত্তিতেই ভাতা দেওয়া হবে।নতুন বেতনকাঠামোতে মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা পরবর্তী সময়ে সমন্বয়ের সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল। গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়।নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন ও ভাতা একসঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬–২৭ এবং ২০২৭–২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন-ভাতা কার্যকর করা হবে।নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, মূল বেতন বাস্তবায়নের প্রথম ধাপ ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপ চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত।এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন দেওয়া হবে। নতুন কাঠামোর ভাতা কার্যকর করার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ১ জানুয়ারি।এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের কাজ অনলাইনে চলছে।সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম (আইবাস++)-এর মাধ্যমে গত ৫ অক্টোবর থেকে কর্মচারীরা নতুন স্কেলে বেতন নির্ধারণের জন্য প্রয়োজনীয় তথ্য ফরম পূরণ করছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) এই পে ফিক্সেশন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের শেষেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন হাতে পাবেন।এ জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন বৃদ্ধির সুবিধা চলতি মাস থেকেই পাওয়া গেলেও ভাতার ক্ষেত্রে আপাতত আগের হার বহাল থাকবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতনকাঠামো কার্যকর হলেও পুরোনো হারেই মিলবে ভাতা