রোগীদের অপেক্ষার সময় ও ভোগান্তি কমাতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে।শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার যৌথভাবে এ সেবার উদ্বোধন করেন।ই-টিকিটিং ব্যবস্থা উদ্বোধনের আগে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।[BANGVIEWS-POST:2894]এতদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের ভোর থেকে হাসপাতালে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ব্যবস্থায় অনলাইনে নিবন্ধন ও টিকিট নেওয়ার সুযোগ থাকায় রোগীদের সময় ও শ্রম সাশ্রয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।ই-টিকিটিং ব্যবস্থায় একজন রোগীকে প্রথমবার চিকিৎসা নেওয়ার সময় অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে তার ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে।পরবর্তী সময়ে একই রোগী চিকিৎসা নিতে এলে তাকে নতুন করে সব তথ্য দিতে হবে না। আগের হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা ও প্রয়োজনীয় রেকর্ড চিকিৎসকেরা দ্রুত দেখতে পারবেন। এতে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা আরও কার্যকর হবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে এ ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকেই সেবাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।[BANGVIEWS-POST:2893]কর্তৃপক্ষের আশা, ই-টিকিটিং চালুর ফলে বহির্বিভাগে রোগীর চাপ আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি টিকিট সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং রোগীরা দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছাতে পারবেন।সরকারি স্বাস্থ্যসেবাকে সহজ, আধুনিক ও রোগীবান্ধব করার প্রচেষ্টায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।