ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান রিজভীর

সংসদ ও সংসদের বাইরে বিরোধীদলকে গঠনমূলক ও বাস্তবভিত্তিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে অপ্রয়োজনীয় ইস্যুতে অতিরিক্ত বক্তব্য দিয়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করার পরামর্শ দিয়েছেন তিনি।শনিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদলের দায়িত্ব হলো সরকারের সমালোচনা করা, সংসদে ও সংসদের বাইরে নিজেদের বক্তব্য তুলে ধরা এবং প্রয়োজন হলে রাজনৈতিক কর্মসূচি দেওয়া। তবে বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন বিষয় নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি করলে সাধারণ মানুষ তা ইতিবাচকভাবে নেয় না বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন, সরকারও চায় বিরোধীদল সংসদের ভেতরে ও বাইরে দায়িত্বশীল ও গঠনমূলক বক্তব্য দিক এবং এমন কোনো পরিস্থিতি তৈরি না করুক, যা অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।দেশের চলমান গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মাত্র ছয় মাসের একটি সরকারকে বর্তমান সব সংকটের জন্য দায়ী করা ঠিক হবে না।তার ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতেও।রিজভী আরও বলেন, মহেশখালীতে গ্যাস টার্মিনালের কারিগরি সমস্যার কারণে সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। পাশাপাশি ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের একটি ইউনিটে সমস্যা হওয়ায় সেখান থেকে বিদ্যুৎ আমদানিও ব্যাহত হচ্ছে।একাধিক স্থানে ধারাবাহিক কারিগরি ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটি খতিয়ে দেখা দরকার। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো ধরনের নাশকতা বা ষড়যন্ত্র হচ্ছে কি না, তাও তদন্ত করা প্রয়োজন বলে মত দেন তিনি।রিজভীর দাবি, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর বকেয়া পরিশোধ করছে এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ চুক্তির আওতায় পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান রিজভীর