ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

প্রাণিসম্পদে অবদান রাখায় ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক রয়েছে।পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রাখা খামারি, উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের মেধা, পরিশ্রম ও উদ্যোগ দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, এই অর্জন শুধু সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বীকৃতি নয়, বরং দেশের লাখো খামারি, উদ্যোক্তা ও গবেষকের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের দক্ষ খামারি, উদ্ভাবনী উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে পরিচিতি অর্জন করতে পারবে।তবে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রাণী ও প্রাণিজ পণ্যের মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে খাদ্যনিরাপত্তা এবং কোয়ারেন্টাইনসংক্রান্ত আন্তর্জাতিক মান কঠোরভাবে অনুসরণ করতে হবে।প্রধানমন্ত্রী জানান, প্রাণিজ পণ্যের মানোন্নয়ন ও রপ্তানির সুযোগ বাড়াতে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠতে পারে।দেশের প্রাণিসম্পদ খাতকে আরও উৎপাদনশীল, আধুনিক ও রপ্তানিমুখী করে গড়ে তোলার ক্ষেত্রে খামারি, উদ্যোক্তা, গবেষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবদান গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রাণিসম্পদে অবদান রাখায় ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী