কাল থেকে শুরু জাতীয় এসএমই পণ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ দিতে রাজধানীতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রবিবার (২২ নভেম্বর) থেকে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া এ আয়োজনে সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২১ নভেম্বর) মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি জানান, রবিবার সকাল ৯টায় সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না।মেলায় পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত সামগ্রী, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের।এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার এবং অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান মেলায় থাকবে। পাশাপাশি অংশ নেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান। দেশীয় উৎপাদক ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এখানে পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। বিদেশি কিংবা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রির অনুমতি থাকবে না।মেলায় উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ তৈরিতেও থাকছে বিশেষ কার্যক্রম। প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণসংক্রান্ত তথ্য ও পরামর্শ নিতে পারবেন উদ্যোক্তারা। আলোচনা সফল হলে মেলাতেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।আগামী ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ আয়োজন করা হবে। সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের বিষয়গুলোতে আলোচনা হবে এসব আয়োজনে। এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরেন। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশের মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের অন্তর্ভুক্ত। শিল্প খাতে নিয়োজিত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত মানুষের সংখ্যা প্রায় ৩ কোটি ৬ লাখ এবং জিডিপিতে এর অবদান প্রায় ৩০ শতাংশ।খন্দকার আব্দুল মুক্তাদির আরও জানান, এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। ফলে তাঁদের বিকাশ, অর্থায়ন ও বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২৫ লাখ উদ্যোক্তা, যাঁদের ৬০ শতাংশই নারী।